Image Description

নক্ষত্র বলেছে জেগে থাকো

৳130
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0433-9
Edition 1st
Pages 64

কবিতা এক অধরা শিল্প। কবিতার ভুবনের মনোলোকে ভ্রমণ মননের ¯œায়ুপোড়ানো মর্মদ্রাবী এক শিহরণ, নম্রমেদুর অভিজ্ঞতা। জীবন হচ্ছে আশা ও নৈরাশার আশ্চর্য এক দোলাচল, যার অন্ত নেই। পরম্পরা আছে, বেদনা-আনন্দ মিলিয়ে উপভোগ্য এক সুন্দরতা। সত্তর দশকের শক্তিমান কবি হাসান হাফিজের কবিতা প্রয়াসে আছে মানবমনের সূক্ষ্ম অনুরণন, অধ্যাত্মবোধের প্রসন্ন ঝিলিক। অন্যায় অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ। তার কণ্ঠ উচ্চকিত প্রকট না হলেও দৃঢ়, অন্তর্ভেদী, মানবিক এবং মায়াবী। জীবনবাদী এই কবি সহজতায় উচ্চারণ করেন... একটি জীবন প্রায়ান্ধকার/ফুরিয়ে আসে ফুরায়/ তৃষ্ণা নাহি জুড়ায়।/তৃষ্ণা তুমি কোন বালিকা/ওগো দস্যি মেয়ে/ প্রতীক্ষাতুর ছিলাম আছি/পথটি তোমার চেয়ে।... মনস্বী কবি সব্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দ বলেছিলেন... হাসান হাফিজের কবিতা নারীপ্রেম-পুরুষপ্রেমের বেদনা এবং আনন্দ এবং বেদনানন্দ যেমন তুলে এনেছে, তেমনি জীবনের-পৃথিবীর-স্বদেশের-সমাজের-রাজনীতির ছায়াছবি তাঁর কবিতার চতুর্দিকে ঘূর্ণ্যমান। তাঁর চমৎকার গদ্যগ্রন্থ বিদেশিনী বধূ-তে যে-হাসান হাফিজের উপস্থাপন, কবিতায় হাসান হাফিজ তা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। শব্দের-ছন্দের-বিষয়ের সৃজনে-নির্মাণে তিনি কবি, এখানে পরিপূর্ণত কবি। স্বাভাবিকভাবেই তিন দশকের অধিক কাল ধরে কবিতা লিখছেন যে কবি, তিনি বিষয় থেকে বিষয়ান্তরে পরিভ্রমণ করেছেন- তার উপান্ত কবিতা মরমিয়তাকে স্পর্শ করে চলে যাচ্ছে আরও দূরে। তবে সর্বাবস্থায় তিনি লিরিক কবি গীতলতা তাঁর কবিতার কেন্দ্রচারিত্র।

Hasan Hafiz / হাসান হাফিজ

জন্ম সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামে, ১৯৫৫ সালের ১৫ অক্টোবর। শিক্ষা : বি.এ. (অনার্স) এম.এ.(ডাবল)। প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৩০। এর মধ্যে কাব্যগ্রন্থ ৩৯টি। একটি বের করেছে কলকাতার সাংস্কৃতিক খবর। সাহিত্য সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। তার মধ্যে রয়েছে : শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, জাতীয় প্রেসক্লাব লেখক সম্মাননা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা, টোনাটুনি পদক, কবিতালাপ পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা ইত্যাদি। দীর্ঘ ৩৮ বছর ধরে সাংবাদিকতা পেশায়। দৈনিক বাংলায় সূচনা। যুক্ত ছিলেন দৈনিক জনকণ্ঠ, কলকাতার সাপ্তাহিক দেশ, বৈশাখী টেলিভিশনের সঙ্গে। বর্তমানে দৈনিক আমার দেশ-এর ফিচার সম্পাদক। হাসান হাফিজ জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির জীবনসদস্য। ভ্রমণ করেছেন বিশ্বের ১৫টি দেশ। তার স্ত্রী শাহীন আখতার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক। এই দম্পতির একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ গৌরব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।